১৪ জুলাই : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরান দাবি করেছে, সোমবার রাতে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।
ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের দাবি, হামলায় মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, হামলার পর কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ভেতরে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পও পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রয়োজনে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে।



