কালাইন পুলিশের অভিযানে বিপুল চোরাই সামগ্রী উদ্ধার, ধৃত দুই মাদকাসক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুলাই : মাদকাসক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে কালাইন পুলিশ। পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মাদকাসক্ত আলিম উদ্দিন ও সেলিম উদ্দিনকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় কালাইন থানার পুলিশ। অভিযোগ, অভিযানের সুযোগে ওই দুই ব্যক্তি কালাইন থানার এক উপ-পরিদর্শকের ব্যক্তিগত কোয়ার্টারে চুরি চালায়। পরে একই দিন পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করতে সক্ষম হয়।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য আলিম উদ্দিনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার নাতানপুর এলাকার এক স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩০টি গাড়ির ব্যাটারি, ৬টি জল তোলার মোটর, একটি বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র, প্রায় ২০টি বড় ডেগ ও কড়াই, মন্দির ও মসজিদের বিভিন্ন সামগ্রী, দুটি সন্দেহজনক গাড়ির নম্বরপ্লেট, বৈদ্যুতিক তার এবং অটোসহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিকদের শনাক্ত করার পাশাপাশি চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *