Spread the news

“আমি গান্ধী বা হিরো নই, নিজেরাই হিরো হয়ে উঠুন”—অনশনের ১৪তম দিনে দেশবাসীর উদ্দেশে বার্তা সোনম ওয়াংচুকের
১২ জুলাই : ২০২৬ সালের নিট (NEET) প্রশ্নফাঁস দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র চলমান ধর্না-আন্দোলন শনিবার ২২তম দিনে পৌঁছেছে। আন্দোলনের সমর্থনে সিজেপি প্রধান অভিজিৎ দিপকের পাশে দাঁড়িয়ে লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশনও টানা ১৪তম দিনে গড়িয়েছে।

দীর্ঘ অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, অনশন শুরুর পর থেকে তাঁর ওজন প্রায় সাড়ে সাত কেজি কমেছে। বর্তমানে তাঁর রক্তচাপ ১০৬/৭৪।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তাঁর শরীরে শক্তি কমে আসছে এবং ক্লান্তি বাড়ছে। তবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও আন্দোলনের লক্ষ্য থেকে তিনি একচুলও সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।

আন্দোলনে দেশজুড়ে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও, নিজেকে ‘গান্ধী’ বা ‘হিরো’ হিসেবে তুলে ধরার প্রবণতায় আপত্তি জানিয়েছেন ওয়াংচুক। তিনি বলেন, “আমি গান্ধী নই, হিরোও নই। দয়া করে অন্য কারও মধ্যে হিরো খুঁজবেন না। নিজেরাই নিজেদের হিরো হয়ে উঠুন এবং নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করুন।”

নিট প্রশ্নফাঁসের ঘটনায় হতাশ হয়ে পড়ুয়াদের আত্মহত্যার প্রসঙ্গ তুলে তিনি দেশবাসীর বিবেককে নাড়া দিয়ে বলেন, “আজ যদি ওই পড়ুয়াদের জায়গায় আপনার নিজের বোন বা মেয়ে থাকত, তাহলে কি আপনি চুপ করে ঘরে বসে থাকতেন?”

যাঁরা দিল্লির যন্তর মন্তরে এসে আন্দোলনে যোগ দিতে পারছেন না, তাঁদের নিজ নিজ এলাকায় অন্তত একদিনের প্রতীকী অনশন পালনের আহ্বান জানিয়েছেন ওয়াংচুক।

এদিকে, আগামী ২০ জুলাই, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে আন্দোলনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ‘সংসদ অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। দেশবাসীর উদ্দেশে ওয়াংচুকের আবেদন, “আমাদের মতো ২৪ দিন অনশন করতে হবে না। পেট ভরে খেয়েই আসুন, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ২০ জুলাই আমাদের পাশে দাঁড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *