বরাক তরঙ্গ, ৮ জুলাই : বরাকের অন্যতম জনপ্রিয় নৃত্য সংস্থা ‘নৃত্য সুরভী’-র উদ্যোগে আয়োজিত তিন দিনের ভরতনাট্যম কর্মশালার সূচনা হলো বুধবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাস্ত্রীয় ঐতিহ্য ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, বিদ্যালয়ের উপদেষ্টা ও সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, লামডিং থেকে আগত প্রশিক্ষক ও নৃত্যশিল্পী এমকে প্রতাপ সরকার, বিদ্যালয়ের অধ্যক্ষা জয়া চৌহান এবং অক্সিতা নুনিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে শিল্পচর্চার পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মশালার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী দাস।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নটরাজের মূর্তিতে পূজা অর্চনার মাধ্যমে কর্মশালার সূচনা, যা উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মুগ্ধ করে। তিন দিনব্যাপী এই কর্মশালায় বরাকের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ভরতনাট্যমের বিভিন্ন কৌশল, ভঙ্গিমা ও শৈলী সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অর্জিত দক্ষতার ভিত্তিতে আগামী ১১ জুলাই শিলচরের বঙ্গভবনে ‘আবর্তন’ শীর্ষক একটি বিশেষ নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হবে।



