নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য রান্না করতে অস্বীকার করায় প্রাণ গেল গৃহবধূর, মামলা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ‘নাচতে যাব, এখন রান্না করতে পারব না’—এই সামান্য কথাকে কেন্দ্র করেই প্রাণ গেল এক মহিলার। প্রথমে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা, পরে স্বামীর মারধরে মৃত্যু হল স্ত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী যামিনী কৃষ্ণ লাল যাদব একটি হাউজিং কলোনিতে আয়োজিত নৃত্যানুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেই সময় তাঁর ৪১ বছর বয়সী স্বামী কৃষ্ণ লাল যাদব তাঁকে খাবার রান্না করতে বলেন। স্বামীর নির্দেশ অমান্য করে নৃত্যানুষ্ঠানে যাওয়ার জন্য বের হতে গেলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কৃষ্ণ লালের মারধরে গুরুতর আহত হন যামিনী। পরে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ইতিমধ্যেই মহিলার স্বামীকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার সময় কৃষ্ণ লাল মদ্যপ অবস্থায় ছিলেন। ময়নাতদন্তে যামিনীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃতার ভাইয়ের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। যামিনী ও কৃষ্ণ লাল দুই সন্তানের বাবা-মা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *