বিদায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের

Spread the news

৬ জুলাই : বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলে বশ মানিয়ে শেষ আটে পৌঁছে গেল নরওয়ে। ম্যাচের ৭৯ মিনিটে দলকে লিড এনে দেন হালান্ড (১-০)। ৮৯ মিনিটে ২-০ করলেন তিনিই। স্বপ্নভঙ্গ নেইমারদের। প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেন ব্রাজিলের ব্রুনো গুইমারেস। ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অপরাজিত নরওয়ে। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে হালান্ডদের বিরুদ্ধে সেলেকাওদের ডুয়েল ঘিরে তাই উন্মাদনা ছিল তুঙ্গে।

এদিন চোটের কারণে পাকুয়েতা ছিলেন না। তাই মার্তিনেল্লিকেই প্রথম একাদশে খেলান ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। সাম্বা তারকা নেইমারকে শুরুতে ডাগ-আউটেই রাখেন অভিজ্ঞ কোচ। পরিচিত ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কার্লো আনসেলোত্তি। অপরদিকে, হালান্ডকে সামনে রেখে গোলের জন্য ঝাঁপায় নরওয়ে। ম্যাচের ৪ মিনিটেই দুরন্ত আক্রমণে জাল কাঁপিয়েছিলেন প্যাট্রিক। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ১১ মিনিটে পালটা আক্রমণ ব্রাজিলের। কুনহাকে ফাউল করা হলে পেনাল্টি পায় আনসেলোত্তি ব্রিগেড। কিন্তু স্পটকিক কাজে লাগাতে ব্যর্থ ব্রুনো গুইমারেস। বিরতির পর সহজতম সুযোগ নষ্ট এনড্রিকের।

অন্যদিকে, গ্যাব্রিয়েলকে টপকে ছোঁ মেরে জাল কাঁপান সেই হালান্ড। এরপর জোরালো শটে দ্বিতীয় গোল তাঁর। চলতি টুর্নামেন্টে নিজের সপ্তম গোল করলেন তিনি। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান সেই নেইমার (২-১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *