বিনামূল্যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসম্মত পোশাক প্রদানের দাবি এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক বিতরণে অর্থের অভাবের কথা জানিয়ে পলিয়েস্টারের কাপড়ের পোশাক ব্যবহারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাভাবের কথা উল্লেখ করে যে মন্তব্য করেছেন, তা রাজ্যের সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠনের দাবি, বিশেষজ্ঞদের মতে গরমের সময় পলিয়েস্টারের পোশাক স্বাস্থ্যসম্মত নয়। তা সত্ত্বেও প্রথমে পলিয়েস্টার কাপড়ের গুণাগুণ তুলে ধরে পরে শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে সুতির কাপড় কেনার মতো অর্থ রাজ্য সরকারের কাছে নেই।

এআইডিএসও-র অভিযোগ, একদিকে সরকার ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পোশাক সরবরাহে অর্থের অভাবের কথা বলছে, অন্যদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী রাজ্যের সব শূন্য শিক্ষক পদ পূরণ এবং চার বছরের ডিগ্রি কোর্স যথাযথভাবে চালু রাখার আশ্বাস দিয়েছেন। এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে বলে দাবি সংগঠনের।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার প্রচারমূলক কর্মসূচি, বড় বড় সভা-সমাবেশ, সংবাদপত্র ও টেলিভিশনে বিজ্ঞাপন, মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-আমলাদের সফর এবং বিভিন্ন জেলায় মন্ত্রিসভার বৈঠক আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় করছে। অথচ শিক্ষা খাতে প্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে অর্থাভাবের অজুহাত দেওয়া হচ্ছে।

সংগঠনের অভিযোগ, সরকার ধনী গোষ্ঠীর স্বার্থে ঋণ নিয়ে ব্যয় করতে পিছপা না হলেও শিশুদের ন্যূনতম প্রয়োজন মেটাতে অনীহা দেখাচ্ছে। এআইডিএসও রাজ্য সরকারের কাছে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সকল ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানসম্মত পোশাক প্রদানের জোরালো দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *