বরাক তরঙ্গ, ২৮ জুন : ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর ফলে গত দুই দিনে বিমানবন্দর এলাকা থেকে মোট আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিমানবন্দর থানার পুলিশ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করে। অভিযোগ, তাঁরা বিমানে চেপে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাঁদের আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশের দাবি, প্রথম দফায় গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই আরও চার বাংলাদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরেই শনিবার বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ধৃতদের কাছে ভারতে বৈধভাবে প্রবেশের কোনও নথিপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন এবং এই ঘটনার সঙ্গে কোনও দালালচক্র বা মানবপাচারকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



