বিশ্বকাপে ইরাককে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

Spread the news

২৭ জুন : গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল। এই বড় জয়ের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার ক্ষীণ আশা এখনও জিইয়ে রাখল আফ্রিকার প্রতিনিধিরা।
কানাডার টরন্টো স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। দলের জয়ে বদলি নেমে জোড়া গোল করেন পাপে থিয়াও। এছাড়া একটি করে গোল করেন ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং ইলিম্যান এনদিয়ায়ে।

ম্যাচের ১৩ মিনিটে ইরাক বড় ধাক্কা খায়। প্রথমে সাদিও মানেকে ফাউল করার ঘটনায় হলুদ কার্ড দেখানো হলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে রেফারি রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় ১০ জনের দলে পরিণত হয় ইরাক।

একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও প্রথমার্ধে প্রত্যাশিত ছন্দে ছিল না সেনেগাল। তবে বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৫৬ মিনিটে লামিন কামারার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার।

এরপর বদলি হিসেবে নেমে ম্যাচের নায়ক হয়ে ওঠেন পাপে থিয়াও। ৫৯ ও ৭১ মিনিটে দুটি দৃষ্টিনন্দন গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। শেষদিকে ইলিম্যান এনদিয়ায়ের গোলের মাধ্যমে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে সেনেগাল। এই জয়ের ফলে গোল ব্যবধানেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সেনেগালের। এখন নকআউট পর্বে উঠতে হলে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে আফ্রিকার দলটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *