দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচরে প্রকাশিত হলো রোজকান্দি চা-বাগানের ম্যানেজার ও সমাজসেবী ঈশ্বরলাল ভূদরভাই উভাদিয়ার লেখা বই ‘মাই এক্সপেরিয়েন্স অ্যাজ এ প্লান্টার’। শুক্রবার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।
বইটির মোড়ক উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ, এনআইটি শিলচরের ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য, বিআর টুসনিয়াল, প্রকাশক বীরেন্দ্র জৈনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তারা লেখকের দীর্ঘ কর্মজীবন, চা শিল্পে তাঁর অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
গ্রন্থটিতে রামরাজপুর থেকে আসামের চা বাগান পর্যন্ত লেখকের জীবনসংগ্রাম, কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা এবং চা শিল্পে দীর্ঘ পথচলার নানা দিক তুলে ধরা হয়েছে। বক্তাদের মতে, এটি শুধু আত্মজীবনীমূলক স্মৃতিচারণ নয়, বরং কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও জীবনসংগ্রামের এক মূল্যবান দলিল।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বইটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষের বাস্তব জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে পাঠকদের সমৃদ্ধ ধারণা প্রদান করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা লেখককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



