বরাক তরঙ্গ, ২১ জুন : ডিমা হাসাও জেলায় টানা ভারি বৃষ্টিপাতের জেরে ফের ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতিঙ্গা এলাকায় এই ভূমিধসের ফলে হাফলং-শিলচর সংযোগকারী জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাত প্রায় ১টার সময় পাহাড় থেকে বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে সড়কের ওপর এসে পড়ে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত থেকেই ঘটনাস্থলে যাত্রীবাহী বাস, ট্রাক এবং বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকে রয়েছে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং জেলা প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করেন। তবে সড়কের ওপর বিপুল পরিমাণ পাথর ও মাটি জমে থাকায় সেগুলি সরাতে কিছুটা সময় লাগবে বলে প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া হাফলং-শিলচর সড়কপথ ব্যবহার না করার জন্যও প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, “রাতে ভূমিধস হয়েছে। একাধিক যন্ত্রের সাহায্যে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। সড়কটি যান চলাচলের উপযোগী করতে আরও ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে।”
প্রশাসনের আশা, সন্ধ্যার মধ্যেই সড়কটি সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা এখনও দুর্ভোগের মধ্যে রয়েছেন।
সকালে থেকে আটকে থাকা এক চালক বলেন, “রাত দেড়টার দিকে পাহাড় থেকে পাথর ও মাটি ধসে পড়ে। রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
অন্য এক চালক জানান, “প্রায় চার ঘণ্টা ধরে আমরা এখানে আটকে আছি। আমাদের পেছনেও অনেক গাড়ি রয়েছে। জেসিবি ও অন্যান্য যন্ত্র এনে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। সন্ধ্যার মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”



