জমি বিবাদ : ভয়াবহ ঘটনা, একে অপরের প্রাণ কেড়ে নিলেন দুই ভাই

Spread the news

বরাক তরঙ্গ, ২০ জুন : জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটল। একে অপরের হাতে খুন হতে হল দুই ভাইকে। এ ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার উনকোটিতে। জেলার কৈলাশহর মহকুমার চণ্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। একে অপরকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই ময়ূরচাঁদ সিনহা (পেশায় রাজমিস্ত্রি) এবং ছোট ভাই নীলধ্বজ সিনহা (অবসরপ্রাপ্ত সেনাকর্মী)-র মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পাল্টা প্রতিরোধে বড় ভাইও ছোট ভাইকে আঘাত করেন। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় বড় ভাইয়ের এক ছেলে গুরুতরভাবে আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত কৈলাশহর উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ। পরে উনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হয়। পুলিশ মৃত দুই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *