বরাক তরঙ্গ, ১৮ জুন : টানা ভারী বৃষ্টিপাতের জেরে খাণ্ডং জলাধার এলাকায় কপিলী জলাধারের জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাণ্ডং বাঁধ থেকে ধাপে ধাপে জল ছাড়া শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে প্রয়োজন অনুযায়ী বাঁধের স্পিলওয়ে গেট খুলে জল নিষ্কাশনের কাজ চলছে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খাণ্ডং বাঁধের মোট সাতটি গেটের মধ্যে আপাতত দুটি গেট খুলে দেওয়া হয়েছে। জলাধারের জলের স্তর নিরাপদ সীমার মধ্যে বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী আরও গেট খোলার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সময়ে সময়ে গেট খোলার সময়সূচি এবং কত পরিমাণ জল ছাড়া হচ্ছে সে সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো হবে।
এদিকে, কপিলী নদীর তীরবর্তী এলাকা এবং জলাধারের নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নদীর জল ব্যবহার করার সময় বিশেষ সতর্ক থাকার পাশাপাশি গৃহপালিত পশু নদীর ধারে না রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এপিজিসিএলের অধীন লংকু এলাকায় অবস্থিত লোয়ার কপিলী জলবিদ্যুৎ প্রকল্প (এলকেএইচইপি)-এর জলাধার নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
উমরাংসোস্থিত কপিলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট স্টেশন (কেএইচপিএস)-এর জেনারেল ম্যানেজার (প্রযুক্তি) কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।



