অসুস্থ প্রবাসী যুবকের পরিবারের পাশে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : জনসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আরেকটি নজির স্থাপন করলেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সম্প্রতি লোয়ারপোয়া মণ্ডলের শিবেরগুল গ্রামের এক অসুস্থ প্রবাসী যুবকের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি।

জানা গেছে, শিবেরগুল গ্রামের বাসিন্দা গোপীনাথ সিনহা কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর পরিবার চরম উদ্বেগের মধ্যে পড়ে। বিষয়টি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আসতেই তিনি দ্রুত পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

মন্ত্রীর নির্দেশে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী পান্না গোপ, পাপ্পু গোয়ালা-সহ অন্যান্য দলীয় প্রতিনিধিরা গোপীনাথ সিনহার বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অসুস্থ যুবকের বর্তমান অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।।এ সময় প্রতিনিধিদল পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানায়, সংকটের এই মুহূর্তে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁদের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। মন্ত্রীর এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

গোপীনাথ সিনহার পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিবারের সদস্যরা জানান, দূরে কর্মরত ছেলের অসুস্থতার খবরে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা তাঁদের নতুন করে সাহস জুগিয়েছে।

যুব মোর্চার কর্মী পান্না গোপ বলেন, “মানুষের সেবাই আমাদের নেতার প্রধান অঙ্গীকার। সাধারণ মানুষের সমস্যা ও দুর্দশার কথা জানামাত্রই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মানবিক দায়িত্ববোধের পরিচয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *