১৭ জুন : কেন্দ্রের বিজেপি সরকারের অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ নীতির তীব্র সমালোচনা করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ অভিযোগ করেন, সীমান্তে যেভাবে কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থী। বিবৃতিতে তিনি বলেন, কোনও বিদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে বসবাস করলে আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের চিহ্নিত করা উচিত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার সম্পন্ন করা প্রয়োজন। বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি অন্য দেশের নাগরিক বলে প্রমাণিত হলে আন্তর্জাতিক আইন ও দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁকে সংশ্লিষ্ট দেশের সরকারের হাতে তুলে দেওয়ার দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করেন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কেন্দ্র ও রাজ্যের প্রশাসন বহু মানুষকে আটক করছে এবং সীমান্তে ‘পুশ ব্যাক’ করা হচ্ছে। দলের দাবি, এর ফলে কিছু ভারতীয় নাগরিকও সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি, ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে অনেক মানুষ সীমান্তের ‘জিরো পয়েন্ট’-এ অনিশ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে।
দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আরও বলেন , পুলিশ প্রশাসনের মাধ্যমে বিদেশি নাগরিক নির্ধারণের প্রক্রিয়া স্বেচ্ছাচারী, বেআইনি ও অগণতান্ত্রিক। এই পদ্ধতির বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) দাবি করেছে, অবিলম্বে বর্তমান ‘পুশ ব্যাক’ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট দেশের সরকারের সম্মতির ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশের জনগণের কাছে এই দাবিগুলির সমর্থনে জনমত গড়ে তোলার আহ্বানও জানিয়েছে দল।



