বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে নাভ্যা বেসরকারি সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার বরাক ব্লাড সেন্টারে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। তাঁরা জানান, রক্তের ঘাটতির কারণে যেন কেউ প্রাণ হারায় না—এই লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষত তরুণ প্রজন্মকে অনুরোধ জানিয়ে তারা বলেন, “এবার শুধু নয়, আগামী দিনেও আসুন; তরুণ সমাজ একসঙ্গে এগিয়ে আসি এবং মানুষের পাশে দাঁড়াই।” উনারা আরো উল্লেখ করেন যে, সামান্য উদ্যোগও কারো জীবনে নতুন আশা জাগাতে পারে এবং স্থানীয়দের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।
শিবিরে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠাতা অন্নি গোস্বামী ও স্নেহা দেব, সভাপতি সায়ন্তা রায়, উপ-সভাপতি রত্নদীপ দাস, কার্যকারী কমিটির সভাপতি মৌমিতা নাথ, সম্পাদক রোহন সেন ও কার্যকারী সদস্য শুভম চক্রবর্তী। তারা সবাই রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়মিত রক্তদান চর্চার গুরুত্বের উপর জোর দেন।
শিবির চলাকালে রক্তদান সম্পর্কিত সচেতনতা ও নিরাপত্তা বিধি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। নাভ্যা বেসরকারি সামাজিক সংস্থা ভবিষ্যতে আরও নিয়মিত রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা করেছে এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে।



