১২ জুন : ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা প্রশমিত হয়েছে।
ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসরসহ একাধিক দেশের নাম উল্লেখ করে বলেন, আলোচনার বিষয়বস্তু ও এর বিস্তারিত নিয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। তার ভাষায়, ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকেও এই প্রক্রিয়া অনুমোদন পেয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা স্থগিত করেছেন।
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, সপ্তাহান্তে ইউরোপের কোনো একটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে তিনি নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলেও উল্লেখ করেন তিনি।



