মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : করিমগঞ্জ শহরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহু নৃত্যশিল্পীদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে এআইডিএসও-র করিমগঞ্জ জেলা কমিটি। এই অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হওয়া পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এ প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল এক প্রেস বার্তায় বলেন, বিহু নৃত্যশিল্পীদের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও এর মাধ্যমে বরাক উপত্যকার দীর্ঘদিনের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশকে বিঘ্নিত করার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শ্রীভূমি জেলা তথা সমগ্র বরাক উপত্যকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ একবাক্যে এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন।

তিনি আরও বলেন, বরাক উপত্যকার মানুষ বরাবরই শান্তিপ্রিয়, উদার ও সমন্বয়বাদী মনোভাবের পরিচয় দিয়ে এসেছেন। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সম্প্রীতিই এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা কোনওভাবেই এই অঞ্চলের মানুষের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সঞ্চিতা শুক্ল অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কোনও ধরনের উসকানি, অপপ্রচার কিংবা প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য উভয় উপত্যকার সাধারণ মানুষের প্রতি বিশেষ আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, কোনও বিচ্ছিন্ন ঘটনার জেরে যেন বৃহত্তর সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের অবনতি না ঘটে। বরং সংযম, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব বজায় রেখে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। এবং বরাক উপত্যকার স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।



