ঝড়ে নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু ৬ শ্রমিকের

Spread the news

২৯ মে : উত্তরপ্রদেশের হামিরপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত ৬ জন নির্মাণ শ্রমিকের। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ঝড়বৃষ্টির সময় মোরাকন্দর ও কানদৌর গ্রামের সংযোগকারী বেতোয়া নদীর ওপর তৈরি হতে থাকা একটি নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষায় চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এলাকায় প্রবল ঝড় শুরু হয়। সেই সময় সেতুর একটি অংশের নিচে ঘুমোচ্ছিলেন নির্মাণকর্মীরা। হঠাৎই লোহার পিলার ও সেতুর কাঠামোর একাংশ ভেঙে পড়ে তাঁদের ওপর। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

হামিরপুরের এএসপি অরবিন্দ কুমার বর্মা জানিয়েছেন, “রাত দুটো নাগাদ খবর পাওয়ার পরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। লোহার কাঠামোর একাংশ ভেঙে পড়ায় শ্রমিকরা চাপা পড়েন।” উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাকিদের জীবিত অবস্থায় উদ্ধারের জন্য জোরকদমে তল্লাশি চলছে। পুলিশের আশঙ্কা, ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনায় নির্মাণ সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঝড়ের সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন খোলা জায়গায় বা অনিরাপদ অবস্থায় শ্রমিকদের ঘুমানোর অনুমতি দেওয়া হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় সরকারিভাবে কোনো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *