গভীর খাদে পড়ল পর্যটকদের গাড়ি, নিখোঁজ ২ শিশু-সহ দুই পরিবারের ৮

Spread the news

৩১ মে : হিমাচলের চাম্বা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিখোঁজ দুই শিশু ও চালক-সহ মোট আট পর্যটক। শুক্রবার রাতে পর্যটক বোঝাই একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। যার জেরেই ঘটে বিপত্তি। ঘটনা প্রকাশ্যে এসেছে শনিবার। ঘটনাটি ঘটেছে চাম্বা জেলার চুরাহ মহকুমার বৈরাগড়-সাচ পাস-কিল্লার রুটের কালাবান এলাকার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

গাড়িটি গভীর খাদে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এ ছাড়াও, দুর্ঘটনাগ্রস্ত এলাকায় মোবাইলের নেটওয়ার্ক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও পর্ষটককে উদ্ধার করা সম্ভব হয়নি। সে রাজ্যের সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজের সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এ প্রসঙ্গে তিনি হ্যান্ডলে একটি পোস্টও করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘চাম্বা এলাকায় গভীর খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। আটজন যাত্রী ছিল গাড়িতে।’ এ ছাড়াও, তিনি নিখোঁজ পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *