বরাক তরঙ্গ, ২৮ মে : উত্তর ত্রিপুরার পানিসাগরে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পানিসাগর থানার চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অসমের ভাঙ্গা এলাকা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া ডাব্লিউবি-৮৯-৩০৯৩ নম্বরের একটি ছয় চাকার এসএমএল ট্রাক চেকিং গেটে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। লরিটিতে বোঝাই করা ছিল বিভিন্ন ব্র্যান্ডের পানীয়জলের বোতল। তবে অত্যন্ত কৌশলে সেই বোতলের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ বার্মিজ সিগারেট। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি ভিন্ন ব্র্যান্ডের মোট চল্লিশ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সিগারেটগুলির কালোবাজারি মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালককে আটক করেছে পানিসাগর থানার পুলিশ। ধৃতদের নাম জুয়েল মিয়া ও বিজয় মগ। পুলিশ জানিয়েছে, উভয়ের বাড়িই ত্রিপুরায়।

বর্তমানে তাদের থানায় আটক রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এর পেছনে একটি বড় আন্তঃরাজ্য পাচার চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের শুক্রবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সেই দিকেও তদন্ত শুরু হয়েছে।



