বরাক তরঙ্গ, ২৮ মে : উত্তর গুয়াহাটিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি স্করপিও গাড়ি ও একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রঞ্জিত দে, করুণা বেজবরুয়া এবং পাৰ্থপ্ৰতীম বৰ্মন। নিহত তিনজনের বাড়ি গুয়াহাটির মালিগাঁও এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুল দিক দিয়ে আসা ট্রাকটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্করপিও গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক ট্রাকচালককে খুঁজতে অভিযান চালানো হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভুল পথে এসে থাকা AS 01 DC 3141 নম্বরের ট্রাকটি AS 01 GP 9940 নম্বরের স্করপিও গাড়িটিকে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
ছবি সৌজন্যে news18 assam.




