ঈদ উপলক্ষে শান্তি-সম্প্রীতির বার্তা দিলেন নদওয়ার সাউথ জোনাল কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মে : পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা তুলে ধরলো উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীরের ত্রিপুরা রাজ্য সাউথ জোনাল কমিটি। ঈদের প্রাককালে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সিপাহীজলা জেলা সদর দপ্তর সংলগ্ন লুংতাংছড়া জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ঈদ-উল আজহা বা কোরবানির ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা বহন করে এই পবিত্র দিন। হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর অসীম ত্যাগ ও আল্লাহর প্রতি পরম আনুগত্যের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই মুসলিম সম্প্রদায় প্রতি বছর এই উৎসব উদযাপন করে থাকে। ইসলামি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় এই পবিত্র ঈদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সারাদেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদ-উল আজহা। প্রতি বছরের ন্যায় এবারও যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপন করা যায়, সে লক্ষ্যে রাজ্য সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সহমর্মিতাও প্রত্যাশা করেন তারা।

ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মওলানা মুহাম্মাদ জাকির হোসেন আলজলিলি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ঈদ-উল আজহা শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহৎ শিক্ষা। এই উৎসব আমাদের শেখায় মানুষের কল্যাণে আত্মত্যাগ করতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের পাশে দাঁড়াক এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।তিনি আরও বলেন, ত্রিপুরা বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের মিলনভূমি। এখানকার সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে তিনি রাজ্যের হিন্দু, মুসলিম, জাতি-উপজাতি সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, সমাজে বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তাই ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তারা।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথ জোনাল কমিটির অন্যতম সদস্য মওলানা সেলিম মিয়া, মওলানা তাজুল ইসলাম, মওলানা আব্দুল মালেক, আরব আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।সর্বশেষে দেশ ও রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *