বরাক তরঙ্গ, ২৬ মে : সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার স্বার্থেই অসমে ইউনিফর্ম সিভিল কোড (UCC) আনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই কংগ্রেসকে সতর্ক করে বলা হয়েছিল— “আমাদের আটকাতে পারলে আটকান, নির্বাচনে জয়ী হলে প্রথম অধিবেশনেই UCC আনা হবে।”
মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনে জয়ের পর প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভায় UCC বিল উত্থাপন করা হয়েছে। উত্তরাখণ্ড ও গুজরাটের পর অসম হবে দেশের তৃতীয় রাজ্য, যেখানে UCC কার্যকর করা হবে।
এদিন কোরবানি প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে ঈদের সময় গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “কোনও ধর্মীয় গ্রন্থেই গরু কোরবানির কথা উল্লেখ নেই। যারা গরু কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানোর জন্যও ধন্যবাদ। এই সিদ্ধান্ত অসমে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।” যারা এখনও সিদ্ধান্ত নেননি, তাদেরও গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।



