দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ মে : পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার পথে অসুস্থ হয়ে মৃত্যু ঘটল ধলাইয়ের পালংঘাটের যুবক বিশ্বজিৎ নাথের। অন্ধ্রপ্রদেশে অসুস্থ হয়ে মৃত্যু ঘটে বিশ্বজিতের। রবিবার সাংসদ ও বিধায়কের উদ্যোগে অবশেষে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছায়।
জানা গেছে, ৪২ বছর বয়সি বিশ্বজিৎ নাথ গত ১৫ মে গোয়ায় কাজের সন্ধানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পথে অন্ধ্রপ্রদেশের নানদিল জেলায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার সাইবাবা নগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অত্যন্ত দরিদ্র পরিবারের পক্ষে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে পালংঘাটের বাসিন্দা তথা বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ যোগাযোগ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক অমিয়কান্তি দাশের সঙ্গে। তাঁদের প্রচেষ্টায় রবিবার সকালে বিমানে করে বিশ্বজিৎ নাথের মৃতদেহ কুম্ভিরগ্রাম বিমানবন্দরে আনা হয়। পরে সেখান থেকে গাড়িযোগে মৃতদেহ তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ নাথের পরিবারে স্ত্রী জয়ন্তী রায়, দুই পুত্র ও এক কন্যা রয়েছে। রবিবার সকালে কৃষ্ণজীবন দেবনাথ শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এদিকে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক অমিয়কান্তি দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষ্ণজীবন দেবনাথ।



