বরাক তরঙ্গ, ২৩ মে : হোজাই, ধুবড়ি, উধারবন্দ, বঙাইগাঁও-সহ অসমের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলির পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বানকে সামাজিক সম্প্রীতির এক ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আইনসম্মত ও দায়িত্বশীলভাবে নেওয়া এই স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত রাজ্যে শান্তি, পারস্পরিক বিশ্বাস ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও উল্লেখ করেন, সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ঐতিহ্যে সমৃদ্ধ অসম বরাবরই সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজ্যের অন্যান্য কমিটিগুলিও একইভাবে আইনসম্মত, সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
সচেতন মহলের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে তুলবে।



