দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : চেংকুড়ি রোডের জিপি ইন্ডেন এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন মালিকের, আইওসি নির্দেশিকা মেনেই গ্যাস সরবরাহের দাবি শুক্রবার বিকেলে চেংকুড়ি রোডস্থিত জিপি ইন্ডেন গ্যাস এজেন্সির মালিক সুনন্দা সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রাহকদের তোলা গ্যাস সিলিন্ডারের সংকট ও ব্ল্যাকে বিক্রির অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেন। তিনি জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর নির্ধারিত নির্দেশিকা মেনেই নিয়মিতভাবে গ্রাহকদের বুকিং অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।
সুনন্দা সিনহা বলেন, “আমরা আইওসি-র সমস্ত গাইডলাইন মেনেই কাজ করছি। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা প্রভাব পড়েছে। তা সত্ত্বেও এজেন্সির পক্ষ থেকে যথাসম্ভব দ্রুত গ্রাহকদের সিলিন্ডার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও জানান, সাময়িক কিছু সমস্যার সৃষ্টি হলেও এজেন্সি কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে দিচ্ছে না এবং স্বাভাবিক পরিষেবা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।
এদিন সাংবাদিকদের সামনে তিনি আরও অভিযোগ করেন, শহরের বিভিন্ন বাজার এলাকায় কয়েকজন হকার অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল, যার ফলে সরবরাহ সংকট নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের চিহ্নিত করে হকারের কাজ থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
সুনন্দা সিনহা বলেন, “এই ধরনের অবৈধ কার্যকলাপ শুধু সংস্থার ভাবমূর্তিই নষ্ট করছে না, গ্রাহকদেরও অযথা সমস্যার মুখে ফেলছে।”



