বরাক তরঙ্গ, ২১ মে : একদিকে যখন রাভা, কার্বি ও কোচ-রাজবংশী সম্প্রদায়ের বিধায়কেরা নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করে ভাষাগত বৈচিত্র্যের বার্তা দেন, ঠিক সেই সময় ভিন্ন পথে হেঁটে বিতর্কে জড়ালেন বরাক উপত্যকার কংগ্রেসের দুই বাঙালি বিধায়ক।
মাত্র দু’দিন আগেই বরাক উপত্যকা-সহ প্রতিবেশী রাজ্যগুলিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা শহিদ দিবসের একাদশ শহিদকে। সেই আবহের মধ্যেই বৃহস্পতিবার অসম বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এবং আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবের আনাম মজুমদার অসমিয়া ভাষায় শপথ নেন।
এই ঘটনাকে ঘিরে বরাকের ভাষাপ্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভাষা আন্দোলনের ইতিহাস বহনকারী বরাক উপত্যকার প্রতিনিধিরা কেন মাতৃভাষা বাংলার পরিবর্তে অসমিয়ায় শপথ নিলেন। সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভাষা ও আঞ্চলিক পরিচয়ের প্রশ্নে দুই বিধায়কের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
এ দিকে, সংস্কৃত ভাষায় শপথ নেন হাইলাকান্দি বিধায়ক মিলন দাস।



