বরাক তরঙ্গ, ২১ মে : আজ থেকে শুরু হয়েছে ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন। চারদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বিধানসভা অধিবেশন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়।
আজ ষোড়শ অসম বিধানসভার নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে একে একে সকল বিধায়ক শপথ নেন। প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি বিধায়কদের শপথবাক্য পাঠ করান।
এরপর বিধানসভার স্থায়ী স্পিকার নির্বাচনের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। চারদিনের এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। সদনে সম্ভাব্য অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত বিলও উত্থাপিত হতে পারে।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে ড. হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণের পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন চারজন বিধায়ক। তাঁরা হলেন অজন্তা নেওগ, অতুল বরা, চরণ বড়ো ও রামেশ্বর তেলি।
বিধানসভা চত্বরে উপস্থিত হয়ে বিধায়ক বিমল বরা বলেন, “মুখ্যমন্ত্রী আগের অধিবেশনেই ইউসিসি আনার কথা বলেছিলেন। জনগণ আমাদের পক্ষেই রায় দিয়েছে। তাই মানুষ ইউসিসি চায়। বিরোধীদের কাজ শুধু বিরোধিতা করা। ইউসিসির নাম শুনেই বিরোধিতা শুরু করেছে। যেমন কিছু না জেনেই সিএএ-র বিরোধিতা করে অসমকে অশান্ত করেছিল।”
বিরোধীদের কটাক্ষ করে ভুপেন বরা বলেন, “কংগ্রেস এখনও বিরোধী দলনেতা নির্বাচন করতে পারেনি। কংগ্রেসের এই অবস্থাই হওয়ার ছিল। জনগণ এমনটাই চেয়েছিল।”



