রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : শুক্রবারের টানা বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপার, রাধামাধব রোড, বিবেকানন্দ রোড, লিঙ্ক রোড ও আশ্রম রোড-সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরেও জল ঢুকে পড়ার খবর মিলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা জল দ্রুত নামছে না। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এদিন বিবেকানন্দ রোডে জলমগ্ন রাস্তার মধ্য দিয়েই মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যেতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে শহরবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। জল জমে থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকেরা।

বাসিন্দাদের একাংশের প্রশ্ন, বর্ষা শুরুর আগেই কেন প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার ও জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।



