বরাক তরঙ্গ, ১২ মে : মহানগরীর বিভিন্ন প্রান্তে উন্মুক্ত ড্রেন সমস্যা নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে গৌহাটি হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, গুয়াহাটিতে থাকা সমস্ত উন্মুক্ত ড্রেন দ্রুত বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আদালত ২৫ মে, ২০২৬-এর মধ্যে কাজের অগ্রগতির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। পাশাপাশি গুয়াহাটি পুর নিগম (GMC)-এর কমিশনারকে যেকোনও সময় আদালতে তথ্য পেশ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
শুধু গুয়াহাটি নয়, সমগ্র রাজ্যের প্রতিটি শহর ও নগরে নালা নির্মাণ এবং উন্মুক্ত ড্রেন বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের কোনও শহর বা নগরে খোলা অবস্থায় ড্রেন রাখা যাবে না।
শুনানির সময় লোক নির্মাণ বিভাগ দাবি করেছিল, গুয়াহাটিতে কোনও খোলা ড্রেন নেই। তবে সেই তথ্যকে গুরুত্ব দেয়নি আদালত। আইনজীবী সন্দীপ সমরিয়ার দায়ের করা জনস্বার্থ মামলা (PIL)-র শুনানি গ্রহণ করে এই নির্দেশ জারি করে গৌহাটি হাইকোর্ট।



