এনএসসিএন-আসাম রাইফেলসের সংঘর্ষ, খতম দুই জঙ্গি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মিয়াও থানার অন্তর্গত সঙকিং গ্রামের কাছে সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ কাউন্টার-ইনসার্জেন্সি অভিযানে এনএসসিএন (NSCN)-এর দুই জঙ্গি নিহত হয়েছে। এলাকায় জঙ্গিদের গতিবিধি সংক্রান্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস সঙকিং গ্রাম ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে।

সরকারি সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, জঙ্গিরা স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে ওই এলাকায় ঘাঁটি গেড়ে ছিল।

এক নিরাপত্তা আধিকারিক জানান, “এনএসসিএন জঙ্গিরা গ্রামবাসীদের উপর লাগাতার চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকায় বড়সড় কম্বিং অপারেশন চালায়। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে বাহিনীর তীব্র গুলির লড়াই হয়। সারারাত চলা অভিযানে এনএসসিএনের দুই সদস্য নিহত হয়।” সংঘর্ষের পর আশপাশের জঙ্গলে আরও জঙ্গির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে, সোমবার গভীর রাতে অরুণাচল প্রদেশের লংডিং জেলার ওয়াক্কা সার্কলের অন্তর্গত চপ গ্রামের কাছেও আসাম রাইফেলস এবং সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে আরও একটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *