গাছ কাটার সময় ডাল পড়ে বাইক আরোহী মহিলার মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : গোসাঁইগাঁওয়ের ঠাণ্ডা বাজার এলাকায় সোমবার ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে একটি গাছ কাটার কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে গাছের একটি বিশাল ডাল। সেই ডাল সোজা গিয়ে পড়ে রাস্তা দিয়ে যাওয়া এক বাইক আরোহীর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি সূত্রধর নামে এক মহিলার।

জানা গেছে, দীপ্তি সূত্রধর তাঁর খুড়োর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে তিনি একটি বাইকে করে ঠাণ্ডা বাজার এলাকা অতিক্রম করছিলেন। ঠিক সেই সময় রাস্তার পাশে গাছ কাটার কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই গাছ কাটার কাজ করা হচ্ছিল। আচমকাই গাছের একটি বড় ডাল ভেঙে মহিলার উপর পড়ে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে নামেন, যদিও ততক্ষণে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই দুর্ঘটনার পর গাছ কাটার সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ সুরক্ষা ও সতর্কতা না মেনেই প্রকাশ্যে গাছ কাটার কাজ চালানো হচ্ছিল, যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *