এরালিগুল দীনদয়াল কলেজে এলইডি বাল্ব মেরামত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ মে : এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ, লুমিহেল্প এলইডি দক্ষতা কেন্দ্র ও আইকিউএসি-র যৌথ উদ্যোগে শনিবার কলেজের পদার্থ বিজ্ঞান প্রয়োগশালায় “এলইডি বাল্ব মেরামত ও টেকসই সমাজসেবা” শীর্ষক এক মূল্য সংযোজনমূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের হাতে কলমে প্রযুক্তিগত দক্ষতা প্রদান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইলেকট্রনিক বর্জ্য হ্রাস সম্পর্কে সচেতন করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব, আত্মনির্ভরতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। এতে লুমিহেল্প এলইডি দক্ষতা কেন্দ্রের সমন্বয়ক ড. অবিনাশ শুক্লবৈদ্য, কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সামনে হাতে কলমে এলইডি বাল্ব মেরামতের পদ্ধতি প্রদর্শন করেন এবং ত্রুটিযুক্ত বাল্ব কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য করা যায় তা দেখান। তাঁর প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শিবাসিশ দত্ত ও ড. প্রীতি ভাজন বাকতি।

স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩২ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে এবং সক্রিয়ভাবে ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নেয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. প্রীতি ভাজন বাকতি। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক মহল সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধরনের দক্ষতাভিত্তিক কর্মসূচি আয়োজনের আশা ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *