বরাক তরঙ্গ, ১১ মে : পাঁচগ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুতগতির একটি স্করপিও গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় অটোটি।
দুর্ঘটনায় অটোতে থাকা অন্তত ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পাঁচগ্রাম পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।



