বরাক তরঙ্গ, ৯ মে : ডিমা হাসাও জেলার ২৭ নম্বর জাতীয় সড়ক শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ বছর বয়সি এক চালক। গুরুতরভাবে আহত হয়েছেন গাড়ির এক সহকারী কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে মাইবাং থানার অন্তর্গত কালাচাঁদ এলাকায়।
জানা গিয়েছে, AS31 C 5409 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি শিলচর থেকে লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ইফতিকার হোসেনের। তিনি লঙ্কার বামুন গাঁও এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, শিলচরে সবজি সরবরাহ করে বাড়ি ফিরছিলেন ইফতিকার।
গাড়ির সহকারী কর্মী গুরুতরভাবে আহত হন। প্রথমে তাঁকে মাইবাং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হোজাইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে মাইবাং পুলিশ মৃতের পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।



