শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনার

Spread the news

৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় তিনি বিজেপির বিপুল জয়ের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লিগের সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের জন্য এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।

শেখ হাসিনা তাঁর বার্তায় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মানুষের রায় শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্বের প্রতি গভীর আস্থা এবং সমর্থনেরই প্রতিফলন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের সম্পর্ক একই ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে এই সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছবে। প্রতিবেশী হিসেবে আমরা সবসময় পশ্চিমবঙ্গের শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।’

তিনি আরও আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর আমলে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সীমান্তের দুই প্রান্তের মানুষের উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তার শেষাংশে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং সাফল্য কামনা করছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে বাংলাদেশ থেকে এই শুভেচ্ছাবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভাষা, সংস্কৃতি এবং সীমান্ত সংযোগ দীর্ঘদিন ধরেই দুই বাংলার সম্পর্ককে বিশেষ মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *