নিখোঁজ ছাত্রীর দেহ নদী থেকে উদ্ধার, শোকের ছায়া এলাকাজুড়ে

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মে : সোণারিতে চারদিন ধরে নিখোঁজ থাকা এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর নাম আফরিন আহমদ। তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। নিখোঁজ হওয়ার পর টাওকাক নদীর পাড়ে তার স্যান্ডেল উদ্ধার হয়েছিল।

এরপর থেকেই SDRF বাহিনী, প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা টানা চারদিন ধরে টাওকাক নদীতে তল্লাশি অভিযান চালায়। অবশেষে শনিবার সোণারির শিঙরিতলি এলাকায় টাওকাক নদীতে ভাসমান অবস্থায় ছাত্রীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত বুধবার থেকে নিখোঁজ ছিল আফরিন। সেদিন রাতভর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তার খোঁজে তল্লাশি চালিয়েছিলেন। শনিবার সকালে শিঙরিতলিতে মাছ ধরতে গিয়ে কয়েকজন ব্যক্তি নদীতে মৃতদেহটি দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি নিখোঁজ আফরিন আহমদের বলে শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃতদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *