প্রাক্তন স্ত্রীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ব্যক্তির মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : মিজোরামের থেনজওয়াল এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় প্রাক্তন স্ত্রীর বাড়িতে জেলাটিন বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পি সি লালরিনফেলা (৩৭)। তিনি সাউথ খাওলেক এলাকার বাসিন্দা এবং রামফাংজাউভার পুত্র বলে জানা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার দিকে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লালরিনফেলার সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী মালিয়ানির চার সন্তান রয়েছে। পরবর্তীতে তাঁর স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে থেনজওয়ালে বসবাস শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লালরিনফেলা বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ, এদিন তিনি প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়ে সঙ্গে নিয়ে আসা জেলাটিন বোমা বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত থেনজওয়াল ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সময় তাঁর প্রাক্তন স্ত্রী বাথরুমে ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পরও কিছু সময় পর্যন্ত লালরিনফেলা কথা বলতে সক্ষম ছিলেন এবং নিজের নাম-ঠিকানাও জানান বলে খবর। ঘটনাস্থলে তাঁর ব্যাগ থেকে একটি চিঠিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে থেনজওয়াল পুলিশ। প্রাথমিকভাবে প্রেমঘটিত ও পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *