মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করা এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন গাঁও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করলেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার আয়োজিত বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন এবং গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়নের প্রকৃত চিত্র স্থানীয় জনপ্রতিনিধিরাই সবচেয়ে ভালোভাবে জানেন। তাই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তাঁদের মতামত ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রেখে মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সভায় পানীয়জল, রাস্তা, সেচ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা প্রকল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার দীর্ঘদিনের সমস্যা, অসমাপ্ত উন্নয়নমূলক কাজ এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের নানা প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। কৃষ্ণেন্দু পাল তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, শুধু প্রকল্প ঘোষণা করাই সরকারের উদ্দেশ্য নয়, প্রতিটি প্রকল্পের সুফল যেন প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে।
সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের সভাধিপতি অনিল কুমার ত্রিপাঠী, পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশী বাবু সিনহা, বিজেপির জেলা সহ-সভাপতি হৃষীকেশ নন্দী, রথী রঞ্জন দাস-সহ দলের অন্যান্য নেতা, জনপ্রতিনিধি ও কর্মীরা।
সভা শেষে মন্ত্রী বলেন, “শক্তিশালী গ্রামই শক্তিশালী ভারতের ভিত্তি। প্রতিটি গ্রামে সমান উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”



