৬ মে : বিজেপির জয়ের উল্লাসকে কেন্দ্র করে বাগনানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে গেরুয়া আবির লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি ‘গণশক্তি’র বোর্ডে বিজেপির পতাকা ও প্ল্যাকার্ড লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
ঘটনাটি ঘটেছে বাগনান বিধানসভার হাটুরিয়া ১ অঞ্চলের খানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর যুবক সংঘ ক্লাবের দোতলায় রয়েছে সিপিআই(এম)-এর পার্টি অফিস। ক্লাব সংলগ্ন নিচের অংশে দীর্ঘদিন ধরে স্থাপিত রয়েছে জ্যোতি বসুর আবক্ষ মূর্তি এবং একটি ‘গণশক্তি’ বোর্ড।
অভিযোগ, সোমবার রাতে একদল দুষ্কৃতী মূর্তিতে গেরুয়া আবির মাখিয়ে দেয় এবং পাশের বোর্ডে বিজেপির পতাকা টাঙিয়ে দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই সিপিআই(এম) কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জল দিয়ে পরিষ্কার করেন এবং মাল্যদান কর্মসূচি পালন করেন।
এরপর ‘গণশক্তি’ বোর্ড থেকে বিজেপির পতাকা ও প্ল্যাকার্ড সরিয়ে দখলমুক্ত করা হয়। একই স্থানে কার্ল মার্কস-এর ২০১তম জন্মদিবসও পালন করেন পার্টি কর্মীরা।
এদিন উপস্থিত ছিলেন পার্টি নেতা পরেশ পাল, আক্কেল আলি, সাজেদা খাতুন, মোহন অধিকারী, শ্যামসুন্দর অধিকারী, প্রদীপ বাউরি, সুনীল সামন্ত সহ অন্যান্যরা। ঘটনায় বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক ভাস্কর রায়।



