বরাক তরঙ্গ, ৬ মে : দুলিয়াজানের ডিরিয়াল চা-বাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাগানের ১ নম্বর গুলিমারা এলাকায় হঠাৎ করেই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বাগান শ্রমিকদের ঘরবাড়ি লক্ষ্য করে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়।
এই মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতার নাম আর্জিনা ওরাং বলে জানা গিয়েছে। আগুন লাগার সময় তিনি ঘরের ভেতরেই ছিলেন বলে অনুমান করা হচ্ছে, ফলে বেরিয়ে আসার সুযোগ পাননি।
ইতোমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।



