বরাক তরঙ্গ, ২ মে : বাণিজ্যিক রন্ধন গ্যাসের সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক প্রেস বিবৃতিতে অভিযোগ করেন, চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন্দ্র সরকার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,০৭৮.৫০ টাকা থেকে বেড়ে ৩,০৭১.৫০ টাকায় পৌঁছেছে, যা রেকর্ড বৃদ্ধি। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর খাবারের দাম বাড়ার পাশাপাশি ‘ডেলিভারি’ পরিষেবার মাধ্যমে খাবার কেনাও সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
প্রভাস ঘোষ আরও দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন প্রভাবের কাছে নতি স্বীকার করে রাশিয়া ও ইরান থেকে সস্তা তেল আমদানি বন্ধ করেছে এবং তার পরিবর্তে উচ্চমূল্যে মার্কিন কোম্পানির তেল ক্রয় করছে। তাঁর মতে, এই নীতির ফলে জ্বালানির মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে।
তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সর্বস্তরের ক্ষতিগ্রস্ত মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।



