বরাক তরঙ্গ, ২ মে : সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৪০ উদ্যোগে “ক্লাব লিডারশিপ লার্নিং সেমিনার ২.০” শীর্ষক এক গুরুত্বপূর্ণ দুই দিনব্যাপী সেমিনারের সূচনা হল শিলচরে। এই সেমিনারের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে রোটারি ক্লাব অআ গ্রেটার শিলচর। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডাঃ রবি কান্নান। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে সমাজসেবার গুরুত্ব, মানবকল্যাণে রোটারির অবদান এবং দক্ষ নেতৃত্বের বিকাশের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত প্রতিনিধিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

সেমিনারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান বুধমল বৈদ, যিনি পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা গভর্নর কামেশ্বর এলাঙ্গাম, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুভাষ চট্টোপাধ্যায়, হোস্ট ক্লাবের সভাপতি রজত দেব, ২০২৬-২৭ রোটারি বর্ষের নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর অসীম অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট রোটারিয়ানরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রথম দিনের সূচনায় জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্বলন এবং অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এরপর ধারাবাহিক বিভিন্ন সেশনে রোটারির লক্ষ্য ও উদ্দেশ্য, সদস্য বৃদ্ধি, নতুন প্রজন্মের সম্পৃক্ততা, কমিউনিটি সার্ভিস এবং ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আগামীকাল, অর্থাৎ সেমিনারের দ্বিতীয় দিনে গ্রান্ট ম্যানেজমেন্ট, ক্লাব পরিচালনা, রক্ত ও অঙ্গদান সচেতনতা, সিপিআর প্রশিক্ষণ এবং অটিজম সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও কার্যকর হয়ে উঠবে।



