বাজারিছড়া শিববাড়িতে ৩ হাজার আশীর্বাদের দীপ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
কটামণি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পাথারকান্দির বাজারিছড়া শিববাড়িতে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। বৃহস্পতিবার রাতে শিববাড়ি প্রাঙ্গণে প্রায় তিন হাজার ‘আশীর্বাদের দীপ’ প্রজ্বলন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা শিববাড়ি চত্বর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাঁর উপস্থিতিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা প্রদীপ প্রজ্বলনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি শিববাড়িতে ভজন-কীর্তন ও পুজো-পাঠের আয়োজন করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালও ভজন-কীর্তনে অংশ নেন।
আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘আশীর্বাদের দীপ’-এর মাধ্যমে সেবা, ভক্তি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়েছে। রাতের অন্ধকারে সারি সারি তিন হাজার প্রদীপের আলো, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাজারিছড়া শিববাড়ি উৎসবমুখর হয়ে ওঠে। কর্মসূচিতে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষ অংশ নেন।



