মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথারকান্দি টাউন কালীবাড়ি প্রাঙ্গণে ‘আশীর্বাদের দীপ’ কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে একসঙ্গে পাঁচ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা টাউন কালীবাড়ি চত্বর।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়।
অনুষ্ঠানে কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল। তাঁর কথায়, ‘আশীর্বাদের দীপ’ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনার প্রতীক। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পাথারকান্দিতেও এই আয়োজন করা হয়। পাঁচ হাজার প্রদীপ প্রজ্বলনকে ঘিরে সন্ধ্যায় টাউন কালীবাড়ি চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রদীপের সারিতে আলোকিত কালীবাড়ি চত্বর স্থানীয়দেরও দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকদের বক্তব্য, ‘আশীর্বাদের দীপ’ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনার বার্তা তুলে ধরা হয়েছে।



