২২ হাজারেরও বেশি প্রদীপের আলোয় মোদির দীর্ঘায়ু কামনা কাটিগড়ায়

Spread the news

হিলাড়া ফুটবল ময়দানে বর্ণাঢ্য আয়োজন, বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের হিলাড়া ফুটবল ময়দানে এক বর্ণাঢ্য প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে ২২ হাজারেরও অধিক প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে পরমেশ্বরের কাছে প্রার্থনা জানানো হয়।

প্রদীপের আলোয় Happy birthday Narendra Modi Jee লেখা গুলো আলোকিত হয়ে ওঠে হিলাড়া ফুটবল ময়দান। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভাষাগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই প্রার্থনামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থসহ বিজেপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানের পর বিভিন্ন জনগোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা ও মানুষের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। প্রদীপের আলোকচ্ছটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে কাটিগড়ার বহুত্ববাদী সামাজিক পরিমণ্ডলের এক চিত্র।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, “এই ঐক্য, ভালোবাসা ও শ্রদ্ধার দৃশ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।” বিভিন্ন ভাষা ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণকে তিনি কাটিগড়ার সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচি প্রদীপ প্রজ্বলন, সম্মিলিত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক উৎসবমুখর আবহ তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *