লোয়াইরপোয়া বাজারে ‘সেবা সংকল্প অভিযান’, পরিচ্ছন্নতার বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া বাজারে ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

বিকেলে লোয়াইরপোয়া বাজার চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী নিজে অংশ নেন। বাজার ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ পরিষ্কার রাখা এবং সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসন বা কোনও নির্দিষ্ট সংস্থার নয়, প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের স্বাস্থ্য, জীবনযাত্রার মান ও সামাজিক সচেতনতার সঙ্গে সরাসরি যুক্ত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কোনও একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে। নিজের বাড়ি, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসাধারণের স্থানগুলিকেও নিজেদের দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। লোয়াইরপোয়া বাজারের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বও কর্মসূচিতে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অভিযানের মাধ্যমে জনসেবা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *