বরাক তরঙ্গ, ২ মে : কাছাড় জেলার লায়লাপুর এলাকায় আগামী ৩ মে (রবিবার) সকাল ১০টা থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কাছাড় ক্যান্সার হাসপাতালের উদ্যোগে এবং লায়লাপুর জামে মসজিদ কমিটি ও লায়লাপুর পল্লী উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হবে। ৬৭১ নম্বর লায়লাপুর এলপি স্কুল প্রাঙ্গণে শিবিরটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “রক্তদান মানেই জীবনদান”—এই বার্তা সামনে রেখে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মসজিদ কমিটি ও পল্লী উন্নয়ন ক্লাবের কর্মকর্তারা এবং ইমাম মওলানা ফখরুল ইসলাম লস্কর জানান, উত্তর-পূর্ব ভারতে ক্যান্সার রোগের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক অসহায় রোগী প্রয়োজনীয় রক্তের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই পরিস্থিতি বিবেচনায় রেখে স্থানীয় উদ্যোগে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা এলাকার বিভিন্ন বেসরকারি সংস্থা, সমাজসেবী এবং বাম ধলাই অঞ্চলের যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন। সম্পাদক নজরুল ইসলাম লস্কর, প্রাক্তন সভাপতি আজির উদ্দিন লস্কর, পল্লী উন্নয়ন ক্লাবের সভাপতি আমির উদ্দিন লস্কর, সম্পাদক হোসেন আহমেদ লস্করসহ নজির উদ্দিন লস্কর, আবুল হোসেন মজুমদার, দিলবাগ হোসেন লস্কর, বাহার উদ্দিন লস্কর, আলকাছ উদ্দিন, জাবের হোসেন এবং অন্যান্য সদস্যরা সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।



