বরাক তরঙ্গ, ১ মে : মণিপুরের মোরে শহরে ২০২৩ সালে উপ-বিভাগীয় পুলিশ আধিকারিক (এসডিপিও) চিংথাম আনন্দকুমার সিংহ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার এক বিশেষ অভিযানে এই মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম ওতখোথাং বাইতে ওরফে ওথাং বাইতে। তিনি তেংনৌপাল জেলার মোরেহ এলাকার বাসিন্দা। এনআইএ সূত্রে জানা গেছে, একটি সন্দেহভাজন কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হামলার পিছনে থাকা ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর, মৈতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে তীব্র জাতিগত উত্তেজনার সময় একদল জঙ্গি একটি খেলার মাঠে অবস্থানরত পুলিশ দলের উপর গুলি চালায়। ওই হামলায় মৈতেই সম্প্রদায়ভুক্ত এসডিপিও চিংথাম আনন্দকুমার সিংহ পেটে গুলিবিদ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন। প্রথমে মোরে থানায় মামলা রুজু হলেও ২০২৪ সালের মার্চ মাসে তদন্তভার এনআইএ’র হাতে তুলে দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, মণিপুরে আতঙ্ক সৃষ্টি করাই এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল।
এর আগে চলতি মাসেই এই মামলায় কামগিনথাং গাংটে নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। এই হত্যাকাণ্ডের পর মৈতেই অধ্যুষিত উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি ওঠে।



